সর্বশেষ

মৃত্যু চেয়ে ফেসবুক পোস্টের দুই মাস পর সৌদিতে প্রাণ গেল প্রবাসীর

6a194fabbe6f9Web Popup (3)

সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামের এক বাংলাদেশি তরুণের প্রাণহানি ঘটেছে। নিহত ওই তরুণের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে সৌদি আরবে অবস্থানরত তাঁর সহকর্মী আরাফাত হোসেন রায়হান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাদি রাজ শুভ পেশায় একজন ফুড ডেলিভারিকর্মী ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও তিনি মোটরসাইকেল নিয়ে খাবার সরবরাহের কাজে বের হন। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাসায় না ফেরায় সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁরা শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়েছে।

এই তরুণের অকাল মৃত্যু তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে আরও বেশি হৃদয়বিদারক হয়ে উঠেছে। জানা গেছে, গত কয়েক মাস ধরে শুভ চরম মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত্যুর মাস দুয়েক আগে, গত ২৫ মার্চ নিজের ফেসবুক পেজে এক হতাশাজনক পোস্টে তিনি লিখেছিলেন, ‘বড় একটি অ্যাকসিডেন্ট হোক, ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো সব মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা।’ সেই আক্ষেপের ঠিক দুই মাস পরই এমন মর্মান্তিক পরিণতি বরণ করতে হলো তাঁকে। পারিবারিক সূত্র জানায়, উন্নত ভবিষ্যতের আশায় দ্বিতীয় দফায় মাত্র ছয় মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

বর্তমানে শুভর মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেখান থেকে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পরিবার। এদিকে, পুরো ঘটনা ও সরকারি সহায়তার বিষয়ে জানতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup