ওমানকে কড়া হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমান যদি অন্যান্য দেশের মতো সঠিক আচরণ করতে ব্যর্থ হয়, তবে তাদের ‘উড়িয়ে দেওয়া’ হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এমন প্রকাশ্য হুমকির পর ওমানে বসবাসরত সাধারণ প্রবাসী কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই হুমকির বিপরীতে ওমানের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন সেখানে কর্মরত বিভিন্ন দেশের প্রবাসীরা। ওমানের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ওমানের জন্য প্রয়োজনে নিজেদের জীবন দিতেও প্রস্তুত রয়েছেন তারা।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল বসাতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানের সমর্থন চাইছে তেহরান। এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওই অঞ্চলটি আন্তর্জাতিক জলসীমার অংশ, তাই কেউ এককভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্র এর সার্বিক তদারকি ও নজরদারি নিশ্চিত করবে। একইসঙ্গে ওমান পরিস্থিতি বুঝতে পেরে সঠিক অবস্থানে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।







