সৌদিতে এভাবেই রাতের আঁধারে রাস্তায় গাড়ি নিয়ে ধাওয়া করে বাংলাদেশিদের ধরেছে পুলিশ। পবিত্র হজ পালনের ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মক্কায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ চার প্রবাসীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন।
সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, মক্কার নিরাপত্তা টহল দল অভিযানটি পরিচালনা করে। এই চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। তারা ভুয়া ও বিভ্রান্তিকর হজ প্যাকেজের বিজ্ঞাপন প্রচার করে হজ গমনেচ্ছুদের প্রলুব্ধ করত। হজের ভুয়া সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের বেলা নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়ি একটি সাদা গাড়িকে ধাওয়া করছে। একপর্যায়ে গাড়িটির গতিরোধ করে ভেতর থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। এ সময় তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে জাল হজ কার্ড, বিভিন্ন ভুয়া নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এছাড়া গাড়ির ভেতর থেকে বেশ কিছু মোবাইল ফোন ও বান্ডিল করা নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী বিচারের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।









