সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে প্রবাসীদের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। দেশজুড়ে চলমান এই অভিযানে গত এক সপ্তাহে ৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে ১১ হাজার ২২৬ জন প্রবাসীকে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইকামা বা আবাসন আইন অমান্য করায় ৪ হাজার ৮৬৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩১৯ জন এবং শ্রম আইনের আওতায় ১ হাজার ৩৯২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও দেড় হাজার অনুপ্রবেশকারী। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ ও যাতায়াতে সহায়তা করার অপরাধে ১২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
অবৈধ প্রবাসীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশকারীদের যেকোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হবে অপরাধীদের ব্যবহৃত যানবাহন ও বাসস্থান।








