সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ৩০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ১৪ হাজার ৮৫৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ২৪৪ জন আবাসন বা রেসিডেন্সি আইন লঙ্ঘন করেছেন। এ ছাড়া সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৩ জন এবং শ্রম আইন অমান্য করার কারণে ১ হাজার ৫১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ৩৩০ জন। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরও ১৪ জন দালালকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ২৯ হাজার ৯১৩ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে ১৮ হাজার ৬০১ জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য এবং ৪ হাজার ৩৩৭ জনকে ভ্রমণের টিকিট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে ১৪ হাজার ৮৫৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।










