সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এই যুবকের অকালমৃত্যুতে তাঁর পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। বৃহস্পতিবার কাজ শেষ করে নিজ কর্মস্থল থেকে ফেরার পথে জুবাইল এলাকায় তিনি এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। বর্তমানে তাঁর মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুরাদের আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। পরিবারে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশুকন্যা এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন চরম দিশেহারা হয়ে পড়েছে। কুয়েতপ্রবাসী নিহতের বড় ভাই মো. কাউছার হোসেন মোবাইল ফোনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুরাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও সৌদি সরকারসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আরও
অন্যদিকে, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, নিহতের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে ইতিমধ্যে যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাঁরা বর্তমানে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।









