পবিত্র ওমরাহ পালনের আড়ালে সৌদি আরবে গিয়ে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তিতে যুক্ত থাকার অভিযোগে তিন নারীসহ চার পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। শনিবার (১৮ এপ্রিল) পাকিস্তানের শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁদের আটক করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এফআইএর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তি হলেন শাহ নওয়াজ, শাহজিয়া, সোনিয়া ও ফারজানা বিবি। তাঁদের সবার বাড়ি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ওমান হয়ে সৌদি আরব থেকে তাঁরা শিয়ালকোট বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁদের সন্দেহজনক ভ্রমণবৃত্তান্ত দেখে ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তাঁদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আরও
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা সবাই সৌদি আরবে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, মূলত ওমরাহ ভিসায় তাঁরা সৌদি আরবে গিয়েছিলেন। এ কাজে মোহাম্মদ সিদ্দিক আকবর নামের সৌদিপ্রবাসী এক দালাল তাঁদের ভিসা ও উড়োজাহাজের টিকিট সংগ্রহ করে দেন। এর বিনিময়ে ওই দালালকে জনপ্রতি আড়াই লাখ রুপি করে দিতে হয়েছিল। ভিক্ষাবৃত্তি থেকে আয় করা অর্থ দিয়েই তাঁরা দালালের ওই পাওনা পরিশোধ করেছিলেন।
এ বিষয়ে এফআইএর গুজরানওয়ালা অঞ্চলের পরিচালক মুহাম্মদ বিন আশরাফ জানান, এই ভিক্ষাবৃত্তি চক্রের মূল হোতাকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এফআইএর পক্ষ থেকে জানানো হয়েছে।









