সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জুমার খুতবায় তিনি এই সতর্কবার্তা দেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যারা এ ধরনের কাজ করেন বা এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করেন, তাঁদের সবার ওপর এর নৈতিক দায় বর্তায় বলে খুতবায় উল্লেখ করা হয়েছে।
পবিত্র মক্কায় খুতবা দেওয়ার সময় শায়খ সালেহ বিন হুমাইদ জোর দিয়ে বলেন, কঠিন ও সংকটময় সময়েই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। তিনি উপস্থিত মুসল্লিদের নিজেদের আমল ও আকিদায় অবিচল থাকার পাশাপাশি পার্থিব জটিল বিষয়গুলোতে অতিরিক্ত মনোযোগ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। মিথ্যা তথ্য প্রচার করা কেবল ব্যক্তি বা সমাজেরই ক্ষতি করে না, বরং এটি একটি মারাত্মক পাপ বলেও তিনি সতর্ক করেন। এ সময় তিনি মুসলিম সম্প্রদায়কে সব ক্ষেত্রে সত্য ও সততা সমুন্নত রাখার আহ্বান জানান।
মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ এমন কড়া সতর্কবার্তা জারি করেছে। দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বা শেয়ার করে দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত সব ধরনের ডিভাইস বা সরঞ্জামও বাজেয়াপ্ত করা হবে।
আরও
সাম্প্রতিক বছরগুলোতে করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন বড় সংকটময় মুহূর্তেও সৌদি আরবের পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সে সময় স্বাস্থ্যবিধি ও কারফিউ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অনেককে শাস্তির আওতায় আনা হয়। এবারও দেশটির কর্মকর্তারা জনসাধারণকে যেকোনো তথ্যের জন্য কেবল যাচাইকৃত সরকারি সূত্রের ওপর নির্ভর করার অনুরোধ জানিয়েছেন। ভিত্তিহীন কোনো বিষয়বস্তুতে যুক্ত হওয়া, তা শেয়ার করা বা এমনকি সংরক্ষণ করার বিষয়েও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।










