সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে এটিই ছিল দেশটির অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম। গতকাল বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়, মূল পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরও বেশ কিছু স্থাপনাকেও এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় উপসাগরীয় অঞ্চলে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আটকা পড়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম ইতিমধ্যে আকাশচুম্বী হয়ে উঠেছে। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সৌদি আরব এই বিকল্প পাইপলাইনটি ব্যবহার করে তাদের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ এলাকা থেকে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিচ্ছিল। নতুন করে এই পাইপলাইনে হামলার ফলে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বিশ্বজুড়ে চলমান ভয়াবহ জ্বালানি সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে।
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি আরামকো তাদের এই পূর্ব-পশ্চিম পাইপলাইনের মোট সক্ষমতার মধ্যে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল অভ্যন্তরীণ কাজে ব্যবহার করে থাকে। বাকি প্রায় ৫০ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে রপ্তানির জন্য নির্দিষ্ট থাকে। সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত ২৩ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে গড়ে প্রতিদিন ৪৬ লাখ ব্যারেল তেল বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়েছে, যা এই পাইপলাইনটির সর্বোচ্চ সক্ষমতার প্রায় কাছাকাছি।










