সর্বশেষ

সৌদিতে ঈদের চাঁদ দেখার বিষয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

Eid 2026 Saudi ArabiaProbashircityWebPopupUpdate

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ নির্ধারণে আজ বুধবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজ ২৯ রমজান উপলক্ষে পবিত্র শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণ করবে। এ ছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাকের কিছু অঞ্চলেও আজ সন্ধ্যায় চাঁদ দেখার আনুষ্ঠানিক চেষ্টা করা হবে।

তবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাবনিকাশ অনুযায়ী আজ বিশ্বের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদপত্রটি জানিয়েছে, আজ সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে বিশ্বের কোনো প্রান্ত থেকেই আজ পবিত্র শাওয়ালের চাঁদ দেখা রীতিমতো অসম্ভব ব্যাপার হবে।

অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে আগামীকাল বৃহস্পতিবার ২৯ রমজান পালিত হবে। ফলে এসব দেশে চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হবে বৃহস্পতিবার সূর্যাস্তের পর। ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে এসব দেশে রোজা শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের এক দিন পর থেকে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বিশ্বের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে আজ চাঁদ দেখা একেবারেই অসম্ভব এবং মধ্যাঞ্চলে তা অত্যন্ত কঠিন। তাই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণে এখনো প্রচলিত নিয়মে খালি চোখে চাঁদ দেখা এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব—এই দুটোরই সমন্বয় করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি ও পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের অধিকাংশ দেশে এবার পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্র বা শনিবার উদ্‌যাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate