সৌদি আরবের মক্কা নগরে সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান (৬৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুর চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। তিনি এক দশকের বেশি সময় ধরে মক্কায় বসবাস করছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ শেষে হেঁটে নিজের বাসায় ফিরছিলেন মফিজুর রহমান। পথে দ্রুতগামী একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে তারেকুর রহমান জানান, তাঁরা বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। প্রবাসে মফিজুর রহমানের এমন আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে পটিয়ার নিজ এলাকাসহ পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।











