সৌদি আরবে ঘটল এক ভয়াবহ ঘটনা। রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলে একটি নির্মাণাধীন প্রকল্পের খননকাজের জেরে রাস্তার একটি বড় অংশ ধসে পড়েছে। রিয়াদ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস সেন্টার রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি ভবন নির্মাণের জন্য গভীর খননকাজ চালানোর সময় পার্শ্ববর্তী রাস্তার নিচের মাটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এর ফলে মাটির নিচে থাকা পানির পাইপলাইনগুলো ফেটে যায় এবং সেখানে পানি জমে ভূগর্ভস্থ মাটি সরে গিয়ে এই বিপজ্জনক ধসের সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাত ২টা ২০ মিনিটে তারা এই দুর্ঘটনার খবর পায়। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম শুরু করা হয়। ধসের কারণে ওই এলাকার বেশ কিছু অবকাঠামোগত সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও জনসেবামূলক কোনো সেবা ব্যাহত হয়নি। পরে সেবা সংস্থাগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। বর্তমানে সাইটটি সুরক্ষিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সম্পদ মেরামতের কাজ চলছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নির্মাণাধীন সাইটগুলোতে কঠোর নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ। রিয়াদের অবকাঠামো প্রকল্পের পরিকাঠামো সুরক্ষায় তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এ ধরনের যেকোনো সমস্যা বা অভিযোগ জানাতে সাধারণ মানুষকে ইউনিফাইড হটলাইন ১৯৯৮৯ অথবা তাদের মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।











