সর্বশেষ

সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

Saudi Arabia arrests 116 government officials in crackdownProbashir city Popup 19 03

সৌদি আরবে দুর্নীতিবিরোধী এক ব্যাপক ও সমন্বিত অভিযানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নজরদারি ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ নাজাহার পরিচালিত একাধিক তদন্তের পর এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে আরবি দৈনিক ওকাজ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী পরিচালিত অভিযানে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সময়ে দুর্নীতি শনাক্তে ১ হাজার ৪৪০টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাজাহা জানিয়েছে, জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌর ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এসব তদন্ত মূলত ঘুষ লেনদেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচার বিভাগের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এ পর্যন্ত ১১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নাজাহা কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ এই অভিযান সরকারি খাতের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনসাধারণের অর্থ সুরক্ষায় তাদের চলমান অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির বিষয়ে যে কোনো সন্দেহজনক তথ্য নির্ধারিত মাধ্যমে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য টোল-ফ্রি নম্বর ৯৮০ অথবা নাজাহার ওয়েবসাইট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03