সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে যে, সৌদি আরবের দাম্মামে অপহরণকারী একটি চক্রের ২০ জন বাংলাদেশির শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিষয়টি মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে দেখা গেছে, সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

আরও
প্রাথমিকভাবে ভাইরাল ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যাচাই করা হয়। পাশাপাশি সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম, আদালত সংশ্লিষ্ট তথ্যভাণ্ডার এবং আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদসূত্রসমূহ পর্যবেক্ষণ করা হয়। কিন্তু কোথাও এমন কোনো ঘটনা, রায় বা সরকারি বিবৃতির অস্তিত্ব পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা।
অতিরিক্ত অনুসন্ধানে দেখা যায়, “ডেইলি আলোচিত উখিয়া” এবং “সাপ্তাহিক আইন সমাজ” নামের দুটি কম পরিচিত অনলাইন পোর্টাল ৩০ নভেম্বর ২০২৫ তারিখে এই ভুয়া খবরটি প্রথম প্রচার করে। তাদের কোনো প্রতিবেদনে নির্ভরযোগ্য উৎস, সরকারি তথ্য কিংবা সৌদি প্রশাসনের বক্তব্যের উল্লেখ ছিল না। ফলে তথ্যটি যাচাইহীনভাবে ছড়াতে থাকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।


উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের স্বীকৃত কোনো সংবাদমাধ্যম বা সৌদি আরবের কোনো সরকারি প্রতিষ্ঠান এখনও পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা নিশ্চিত করেনি। সৌদিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও কোনো বিবৃতি পাওয়া যায়নি, যা দাবি করা ঘটনার সত্যতা সম্পর্কে সুস্পষ্ট সন্দেহ তৈরি করে।
সব মিলিয়ে, দাম্মামে ২০ বাংলাদেশি অপহরণকারীকে শিরচ্ছেদ করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে। তাই রাইজিং ফ্যাক্টস এই ভাইরাল পোস্টগুলোকে ভুয়া, অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার জন্য সাধারণ ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।











