সৌদি আরবের দাম্মাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কন্স্যুলার সেবা প্রদানের ঘোষণা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আগামী ১০ ও ১১ অক্টোবর, শুক্র ও শনিবার, দাম্মামের ফয়সালিয়া এলাকার ‘ইন্ডেরাহা আল আসিমাহ’-তে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ সেবা কার্যক্রম চলবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, এই ক্যাম্পে প্রবাসীরা ই-পাসপোর্ট আবেদন, প্রবাসী কল্যাণ কার্ড তৈরি, স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) অধীনে আবেদনসহ বিভিন্ন শ্রম কল্যাণমূলক সেবা গ্রহণ করতে পারবেন। ই-পাসপোর্ট আবেদনের জন্য অনলাইনে পূরণকৃত ফর্ম এবং জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধনের কপি সঙ্গে আনতে বলা হয়েছে। পাশাপাশি ট্রাভেল পারমিট, ডকুমেন্ট সত্যায়ন, আমমোক্তারনামা প্রদান এবং আইনি পরামর্শও দেওয়া হবে।
এছাড়াও, সোনালী ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ই-ওয়ালেট রেজিস্ট্রেশন এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।











