সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটিতে অবস্থানরত সকল ধরনের ভিসাধারী এবার ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মসংস্থানসহ সব ভিসার আওতায় এই সুযোগ থাকবে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মুসলিমদের জন্য উমরা পালন আরও সহজ ও নির্বিঘ্ন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের অংশ, যা বিশ্বের মুসলিমদের জন্য মক্কা ও মদিনা সফরকে আরও সহজলভ্য করে তুলবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের ফলে হজ-ওমরাহ খাতের সেবার পরিধি সম্প্রসারিত হবে এবং আরও বেশি মানুষ এ সেবার সুবিধা পাবেন। পাশাপাশি, এটি ভিশন–২০৩০-এর লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। এতে প্যাকেজ নির্বাচন, পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণসহ সব কাজ সহজভাবে সম্পন্ন করা যাবে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ—মুসল্লিদের সর্বোত্তম সেবা প্রদানের পাশাপাশি তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করা।