সৌদি আরব প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বেশ কিছু আধুনিক শ্রম আইন কার্যকর করেছে। বিশেষ করে কাফালা সিস্টেম সংস্কারের পর প্রবাসীরা এখন আগের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন।এই নতুন আইন প্রবাসী কর্মীদের জন্য চাকরি পরিবর্তন, দেশ ত্যাগ এবং পুনরায় প্রবেশ ভিসার প্রক্রিয়াকে আরও সহজ করেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, প্রবাসী শ্রমিকেরা এখন কাজের মেয়াদ শেষে কফিলের অনুমতি ছাড়াই সহজে অন্য চাকরিতে যেতে পারবেন। এছাড়া, দেশ ত্যাগ ও পুনরায় প্রবেশের ভিসার জন্য সরাসরি ‘আবশের’ (Absher) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে, যেখানে আগে কফিলের সম্মতি লাগত।
কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে, নতুন আইন অনুসারে প্রতিটি সংস্থাকে বৈধ কাজের চুক্তিপত্র দিতে হবে। প্রতিদিন কাজের সময় ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টা নির্দিষ্ট করা হয়েছে। কর্মীরা বছরে ২১ থেকে ৩০ দিনের বেতনসহ ছুটি পাবেন।
আরও
মাসিক বেতন নিশ্চিত করতে সব নিয়োগকারীকে বেতন সুরক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মীদের বেতন সরাসরি ব্যাংকে জমা দিতে হবে। বেতন দিতে দেরি হলে বা না দিলে শ্রম মন্ত্রণালয়ের সহায়তা লাইন ১৯৯১১ এবং বাংলাদেশ দূতাবাসের সহায়তা লাইন (+৯৬৬ ৫৪০ ৩৪ ৭ ৩০১)-এ অভিযোগ জানানো যাবে। কাজের মেয়াদ শেষে কর্মীরা চাকরি শেষের সুবিধা পাবেন, যা চাকরির সময়ের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, এসব নিয়ম সম্পর্কে সচেতন থাকলে প্রবাসীরা সহজেই নিজেদের অধিকার আদায় করতে পারবেন এবং ভোগান্তি এড়াতে পারবেন।











