সৌদি আরবে এবার শুধুমাত্র নারীদের খেলা প্রচারের জন্য বিশেষ টেলিভিশন চ্যানেল চালু হয়েছে। দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচসহ নারীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ২৪ ঘণ্টা এই চ্যানেলে সম্প্রচারিত হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নারী খেলাধুলাকে কেন্দ্র করে সৌদিতে এটি প্রথম উদ্যোগ।

অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (AWSN) সৌদি ফুটবল ফেডারেশন এবং জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই চ্যানেলের কার্যক্রম শুরু করেছে। ‘SSG AWSN’ নামে চ্যানেলটির সম্প্রচার এমবিসি শহিদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
আরও
নারী প্রিমিয়ার লীগের উদ্বোধনের সময়ই নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়। এতে শুধু সৌদি লিগ নয়, উয়েফার ম্যাচসহ আন্তর্জাতিক পর্যায়ের আরও অনেক খেলাও দেখানো হবে।
AWSN-এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা কেবল প্রচলিত বাধা ভাঙছি না, বরং দেশটিতে আন্তর্জাতিক লীগ ও প্রতিভাকে বিশ্বের সামনে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিচ্ছি।”
উল্লেখ্য, ভিশন-২০৩০ এর অংশ হিসেবে সৌদি আরবে নারীদের স্বাধীনতা ক্রমেই বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে তারা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন এবং এখন খেলাধুলাতেও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই চ্যানেলকে দেশটির সামাজিক পরিবর্তনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।










