ছুটিতে দেশে আসা এক সৌদি প্রবাসীকে কাঁচির আঘাতে হত্যা করেছে তারই বড় ভাই। সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জে এই ঘটনা ঘটে। নিহত রুহেল আহমেদ এহিয়া তিন মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুহেল একটানা পাঁচ বছর সৌদি থাকার পর দেশে এসে গত আট মাস আগে বিয়ে করেন। এরপর আবারও সৌদি ঘুরে তিন মাসের ছুটিতে দেশে ফেরেন। আগামী ৪ মে তার সৌদি ফেরার কথা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক দ্বন্দ্বের জেরে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে রুহেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। প্রবাসীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।












