কাতারের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিহত লিটন দাস কুলাউড়ার ছকাপন এলাকার বাসিন্দা এবং নান্টু দাসের ছেলে। তিনি কাতারে দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।
সহকর্মীদের বরাতে জানা যায়, কাজের সময় হঠাৎ অসুস্থতা বা মাথা ঘোরার মতো পরিস্থিতি তৈরি হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে।
আরও
লিটনের সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি প্রাণ হারান। পরে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয় বলে জানা গেছে।
এদিকে লিটনের মৃত্যুতে কাতারে থাকা সহকর্মী ও দেশে তার পরিবার-স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












