ওমানে প্রবাসী ও বিনিয়োগকারীদের জন্য ভিসা সংক্রান্ত বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এসব সিদ্ধান্তে বিনিয়োগকারী ও পারিবারিক ভিসায় থাকা প্রবাসীদের সন্তানদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ওয়ার্ক ভিসা আগের মতোই স্থগিত থাকছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমানে যাঁদের আগে থেকেই বাণিজ্যিক নিবন্ধন (সিআর) রয়েছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা কখনোই ভিসা হয়নি, তাঁরা পুনরায় ‘বিজনেস পার্টনার’ ভিসার জন্য আবেদন করতে পারবেন। একইভাবে ছয় মাস বা তার বেশি সময় দেশের বাইরে থাকায় যেসব বিনিয়োগকারীর রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে বা পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা পড়েছে, তাঁরাও নতুন বিজনেস পার্টনার ভিসার আবেদন করে ওমানে ফিরতে পারবেন। কোনো ব্যতিক্রম ছাড়াই সব দেশের নাগরিকেরা এই সুযোগ পাবেন।
এ ছাড়া পারিবারিক ভিসায় বর্তমানে ওমানে অবস্থানরত প্রবাসীদের যেসব সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হয়েছে, তাঁরা এখন নিজেদের ভিসা পরিবর্তন করে ওয়ার্ক ভিসায় রূপান্তর করতে পারবেন। এই সুবিধাও সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আরও
অন্যদিকে, সব দেশের নাগরিকদের জন্যই ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের সুযোগ স্থগিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও সুদানের নাগরিকদের জন্য নতুন ওয়ার্ক ভিসা ইস্যু এখনো বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ সানাদ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।












