ওমানে চুরি যাওয়া গাড়ি পুলিশের কাছ থেকে ফেরত পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনায় সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রয়্যাল ওমান পুলিশের একটি পোস্ট শেয়ার করে এমনই এক দুর্ভাগ্যজনক ঘটনার কথা জানিয়েছেন এক ব্যবহারকারী।
তিনি জানান, চুরি হওয়া গাড়িটি গতকাল সকালেই বুঝে নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন রাতেই গাড়িটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক তরুণী। দুর্ঘটনায় গাড়িটি একেবারে ধ্বংস বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এর আগে ১৮ নভেম্বর রয়্যাল ওমান পুলিশ জানিয়েছিল, উত্তর আল বাতিনাহ প্রদেশের সাহাম এলাকায় একটি স্কুলের পার্কিং থেকে ওই গাড়িটি চুরি হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তর আল বাতিনাহ গভর্নরেট পুলিশ কমান্ড। অভিযুক্ত ওই ব্যক্তি একই এলাকার আরও কয়েকটি স্কুলের সামনে পার্ক করা গাড়ি থেকে কম্পিউটারও চুরি করেছিল। পুলিশের তৎপরতায় চুরি যাওয়া গাড়িটি উদ্ধার হলেও শেষ পর্যন্ত দুর্ঘটনায় সেটি আর রক্ষা হলো না।










