ওমানে দায়িত্ব পালনকালে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অপরাধে এক নাগরিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আম্মার বিন হিলাল নামের ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে ৩ বছরের জেল ও ৩০০ ওমানি রিয়াল জরিমানা করেছে মাসকাটের একটি আদালত। পাশাপাশি তাকে মামলার আইনি খরচও বহন করতে বলা হয়েছে।
ওমানের পাবলিক প্রসিকিউশনের তদন্তে প্রমাণ হয়, ওই ব্যক্তি সরকারি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে গুরুতর আহত করেছিলেন। এই রায়ের পর মাসকাটের আপিল আদালত ১ বছরের সাজা কার্যকর করে বাকি মেয়াদের সাজা স্থগিতের নির্দেশ দেন। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টও আপিল বিভাগের দেওয়া এই চূড়ান্ত রায়টি বহাল রেখেছেন।
এই ঘটনার পর ওমানের পাবলিক প্রসিকিউশন কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, সরকারি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়া বা লাঞ্ছিত করা অত্যন্ত গুরুতর অপরাধ। দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্মান ও সহযোগিতা করা সবার জন্য বাধ্যতামূলক।










