চট্টগ্রাম থেকে ওমানের সালালায় প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশটির স্বল্পমূল্যের বিমান সংস্থা সালাম এয়ার। আগামী ২৮ অক্টোবর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। প্রতি বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে সালালাহর উদ্দেশে ছেড়ে যাওয়া এই ফ্লাইটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা ২০ মিনিট। এর ফলে মাঝপথে কোনো যাত্রাবিরতি ছাড়াই ওমানের ধোফারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে সহজে যাতায়াতের সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে ১৮০ আসনের উড়োজাহাজ দিয়ে এই রুটে যাত্রী পরিবহন করা হবে। নতুন এই রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ২৯৪ টাকা, যার সঙ্গে ৫ কেজি কেবিন ব্যাগেজ নেওয়া যাবে। এ ছাড়া ৪১ হাজার ৫৩৪ টাকা এবং ৪২ হাজার ৫০০ টাকার আলাদা প্যাকেজে বেশি ওজনের চেক-ইন ও হ্যান্ড ব্যাগেজ সুবিধাও রাখা হয়েছে। মূলত সালালাহতে নিজস্ব বিমান পরিচালনা ঘাঁটি প্রতিষ্ঠার অংশ হিসেবেই চট্টগ্রাম, জেদ্দা ও কালিকটে সরাসরি ফ্লাইট পরিচালনার এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
দীর্ঘদিন ধরে সালালাহ যেতে চট্টগ্রামের যাত্রীদের বিভিন্ন বিমানবন্দরে ট্রানজিট নিতে হতো, যা এখন থেকে আর প্রয়োজন হবে না। সালাম এয়ার সারা বছর এই রুটটি চালু রাখার পরিকল্পনা করেছে; তবে যাত্রীদের সাড়া ও বাণিজ্যিক সম্ভাবনার ওপর ভিত্তি করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি নির্ভর করবে।










