ওমানের সালালাহ শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মনোয়ার হুসাইন নামের এক বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। শনিবার মাগরিবের নামাজের পর শহরের আন নাহদাহ রাউন্ডঅ্যাবাউটের কাছে লেবার কোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। কাজের উদ্দেশ্যে বের হয়ে তিনি এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
মনোয়ার হুসাইনের আকস্মিক মৃত্যুতে ওমানে অবস্থানরত তাঁর বন্ধু, সহকর্মী ও বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি ওমানে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কর্মস্থলে যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে।
বর্তমানে নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁর বন্ধু ও আত্মীয়স্বজনরা মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ করছেন। একই সঙ্গে প্রবাসী এই বাংলাদেশির রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সহকর্মীরা।









