চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ওমানের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী চলাচলের পরিমাণ ৮ দশমিক ১ শতাংশ কমেছে। গত বছরের তুলনায় আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা চোখে পড়ার মতো কমলেও, মাস্কাট বিমানবন্দরে যাতায়াতকারী শীর্ষ তিন দেশের নাগরিকদের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা। সব মিলিয়ে জুলাই পর্যন্ত ওমানের বিমানবন্দরগুলো ব্যবহার করেছেন প্রায় ৭৬ লাখ ৯০ হাজার দেশি-বিদেশি যাত্রী, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশ কম।
ওমানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাস্কাট দিয়েই সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন, যার সংখ্যা প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার। শুধুমাত্র জুলাই মাসের পরিসংখ্যানে দেখা যায়, এই বিমানবন্দরটি ব্যবহারে স্থানীয় ওমানি এবং ভারতীয়দের পরেই তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। এ মাসে মোট ৪৬ হাজার ৬৬৫ জন বাংলাদেশি মাস্কাট বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। এর মধ্যে ওমানে প্রবেশ করেছেন ২৩ হাজার ১৭১ জন এবং ওমান ছেড়েছেন ২৩ হাজার ৪৯৪ জন।
পরিসংখ্যান বলছে, দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা কমলেও অভ্যন্তরীণ ফ্লাইটের যাতায়াত কিছুটা বেড়েছে। মাস্কাট ছাড়াও ওমানের সালালাহ, সোহার এবং দুকুম বিমানবন্দরেও আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে সালালাহ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কমেছে প্রায় ৩০ শতাংশের বেশি।











