ওমানে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করা হয়েছে কি না, তা নিয়ে দেশটিতে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। হঠাৎ করেই সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে না পারায় এই প্রশ্নের উদ্রেক হয়। দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ আল-রাবি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ওমানের সব কটি টেলিকম অপারেটরে কারিগরিভাবে টিকটক ব্লক বা অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাঁর এই মন্তব্যের পর দেশজুড়ে টিকটক নিষিদ্ধের জল্পনা আরও জোরালোভাবে আলোচনায় উঠে আসে।
অ্যাপটি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেওয়ায় ব্যবহারকারীদের মধ্যে দ্রুতই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, দেশব্যাপী হয়তো প্ল্যাটফর্মটির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওমানের সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে টিকটক নিষিদ্ধ বা স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এই অবরোধ সাময়িক কি না, ঠিক কী কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা কত দিন এই অচলাবস্থা বজায় থাকবে—সে বিষয়েও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ওমানসহ পুরো মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বিশাল ব্যবহারকারী রয়েছে। দৈনন্দিন বিনোদন, কনটেন্ট তৈরি ও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে প্ল্যাটফর্মটি সেখানে ব্যাপক সমাদৃত। হঠাৎ করে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা বিপাকে পড়েছেন এবং তাঁরা এই বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। কবে নাগাদ পুনরায় টিকটকে প্রবেশাধিকার ফিরে পাওয়া যাবে, তা জানতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনার দিকেই তাকিয়ে আছেন সবাই।











