দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা খুলেছে। আজ রোববার বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে দেশটি। ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল ধাহিরাহ শাখা ‘অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির’ অধীনে এই আবেদন গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর ফলে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের একটি নতুন সুযোগ তৈরি হলো।

ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণের কার্যক্রম। এর মাধ্যমে দেশটির নিবন্ধিত খামার মালিকরা প্রয়োজনীয় নিয়ম মেনে বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা সংগ্রহ করতে পারবেন। তবে এই আবেদন প্রক্রিয়াটি কেবল অ্যাসোসিয়েশনের আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্যই উন্মুক্ত রাখা হয়েছে।
আরও
আবেদনকারী খামার মালিকদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে ২৫ ওমানি রিয়াল বার্ষিক সদস্যপদ ফি প্রদান, কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র এবং শ্রম মন্ত্রণালয়ের একটি বৈধ ওয়ার্ক পারমিট জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ২০২৬-২৭ মৌসুমের জন্য চাষকৃত ফসল ও জমির বিস্তারিত তথ্যও আবেদনে উল্লেখ করতে হবে।










