ভ্রমণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওমান কাস্টমস কর্তৃপক্ষ শুল্কমুক্ত ব্যক্তিগত জিনিসপত্রের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো বিমানবন্দরে যাত্রীদের কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং সময় বাঁচানো।
তালিকা অনুযায়ী, যাত্রীরা তাদের ব্যবহারের জন্য বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ও ব্যক্তিগত জিনিসপত্র কোনো ধরনের কাস্টমস শুল্ক বা কর ছাড়াই ওমানে নিয়ে যেতে পারবেন। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত পোশাক, ব্যবহৃত অলংকার বা গহনা, মোবাইল ফোন, ল্যাপটপ এবং পোর্টেবল প্রিন্টার।

আরও
বিনোদন ও শখের বশবর্তী হয়ে যারা ভ্রমণ করেন, তাদের সুবিধার্থে ব্যক্তিগত ব্যবহারের ভিডিও ক্যামেরা, টেলিভিশন ও রিসিভার, বহনযোগ্য বাদ্যযন্ত্র এবং ফিল্ম প্রজেক্টর ও এর আনুষঙ্গিক সরঞ্জামাদিকেও শুল্কমুক্ত রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন যাত্রীদের জন্য ব্যক্তিগত ব্যবহারের জরুরি ওষুধ এবং স্বাস্থ্যসচেতনদের জন্য ব্যক্তিগত খেলাধুলার সরঞ্জাম এই সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের কথা বিবেচনা করে শিশুদের বেবি স্ট্রোলার এবং হুইলচেয়ারকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।









