মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় রাডার ব্যবস্থা দুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে তারা। শুক্রবার (১৭ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, তাদের নৌবাহিনী ওমানের সালামাহ রকস এলাকায় থাকা একটি সামুদ্রিক নজরদারি রাডার এবং ঘানাম অঞ্চলে মোতায়েন করা একটি মার্কিন বিমান নজরদারি রাডার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। নিখুঁত এই হামলায় যুক্তরাষ্ট্রের ওই দুটি রাডার ব্যবস্থাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, শুক্রবার ভোরে পরিচালিত এই আকস্মিক অভিযানে সরাসরি অংশ নেয় আইআরজিসির নৌ ইউনিট। তবে ইরানের এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মূলত ওমান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় কোনো যুদ্ধ বা সংঘাত না থাকলেও, ওমানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক সরঞ্জামকে লক্ষ্য করেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
আরও
অন্যদিকে, এই হামলার খবরের আগেই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার বিরুদ্ধে নতুন করে আরও এক দফা হামলা সম্পন্ন করেছে। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, এটি ছিল ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে টানা ষষ্ঠ রাতের মতো পরিচালিত মার্কিন সামরিক অভিযান।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই ক্রমবর্ধমান পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার এই কৌশল আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।









