ওমানের মুসান্দাম এবং আল উস্তায় ড্রোন হামলার ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তেহরানের প্রতিনিধিকে তলব করে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়ক আন্ডারসেক্রেটারি খালিদ বিন হাশিল আল মুসলাহি ইরানি রাষ্ট্রদূত মুসা ফারহাং-কে তলব করেন এবং ড্রোন হামলার বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তর করেন। মুসান্দাম ও আল উস্তার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। এই ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন কাজ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রণালয় বলেছে, এটি সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
বৈঠকে ওমানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ সালতানাত মেনে নেবে না। একই সঙ্গে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং ওমান ও ইরানের জনগণের দীর্ঘদিনের সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়।










