সর্বশেষ

ওমানে প্রবাসী কর্মীদের সাবধান থাকার আহ্বান

Oman pobashiWeb Popup (3)

ওমানের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ওমান সাগর তীরবর্তী উপকূলীয় এলাকা এবং মরুভূমি অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ সময় উপকূল ও মরুভূমি সংলগ্ন এলাকাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

তীব্র এই গরমে ওমানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী কর্মীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গ্রীষ্মের দাবদাহ থেকে শ্রমিকদের বাঁচাতে জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা জায়গায় কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্মাণাধীন এলাকা এবং সরাসরি সূর্যের আলো পড়ে এমন যেকোনো স্থানে এই ‘দুপুরের বিরতি’ নীতি কঠোরভাবে কার্যকর থাকবে। প্রবাসী শ্রমিকদের হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতেই প্রতি বছরের মতো এবারও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুপুরের এই নিষেধাজ্ঞা অমান্য করে কর্মীদের রোদে কাজ করালে সংশ্লিষ্ট কোম্পানি বা নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জরিমানার বিধান রাখা হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা প্রবাসী কর্মীদের দুপুরবেলা সরাসরি রোদে বের হওয়া বা কাজ করা থেকে বিরত থাকার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে বাইরে কাজ করার সময় ছাতা, রোদচশমা বা সুরক্ষামূলক পোশাক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup