Long Popup (2)
সর্বশেষ

ছুটি কাটিয়ে ওমানে ফেরার পরই সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

IMG 20260511ProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহি উদ্দীন (৩৭) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) ওমানের স্থানীয় সময় রাত আনুমানিক ৩টার দিকে মাস্কাটের আজাইবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দীন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পালেগ্রাম ইলিয়াস পাড়ার মৃত কালু মিয়ার ছেলে। তরতাজা এক যুবকের এমন আকস্মিক মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও ওমানে অবস্থানরত প্রবাসীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে কর্মস্থল থেকে ফিরছিলেন মহি উদ্দীন। ওমান প্রবাসী দেলোয়ার জানান, ফোরম্যানসহ একটি গাড়িতে করে নিজেদের বাসায় ফেরার পথে আজাইবা এলাকায় তাদের বহনকারী গাড়িটি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে, ঘটনাস্থলেই প্রাণ হারান মহি উদ্দীন।

স্থানীয় কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ নিহতের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গভীর আক্ষেপ প্রকাশ করে বলেন, “মাত্র কয়েকদিন আগেই দেশে এসে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে মহি উদ্দীন পুনরায় ওমানে নিজের কর্মস্থলে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু বিদেশে ফেরার কিছুদিন পরই সেখানে সড়ক দুর্ঘটনায় তাঁর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর আমাদের কাছে এসে পৌঁছায়।”

পারিবারিক সূত্র জানিয়েছে, ব্যক্তিজীবনে মহি উদ্দীনের সংসারে তাঁর স্ত্রী এবং চার বছর বয়সী একটি ছোট কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী ও স্বজনরা এখন শোকে নির্বাক হয়ে পড়েছেন। প্রবাসের মাটিতে অকালে প্রাণ হারানো এই যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate