ওমানে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকজন অবৈধ প্রবাসী। তবে পুলিশের সঙ্গে চালাকি করে শেষ রক্ষা হয়নি। ওমানের আল উস্তার দুকম এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে শেষ পর্যন্ত ধরা পড়েছেন দুই পাচারকারীসহ ২৫ জন অবৈধ প্রবাসী। গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিদের মধ্যে ২৩ জনই আফ্রিকার নাগরিক, যারা অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওই ২৩ আফ্রিকান নাগরিককে অবৈধভাবে ওমানে প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছিলেন দুই ব্যক্তি। নিজেদের গাড়িতে করে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পান তাঁরা। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চালাকি করে তীব্র বেগে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন দুই পাচারকারী। কিন্তু পুলিশের চৌকস আভিযানিক দলের ধাওয়ায় তাদের সেই কৌশল ভেস্তে যায়।
আরও
অবৈধ প্রবেশের দায়ে ওই ২৩ আফ্রিকান এবং তাদের সহায়তাকারী দুজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। গ্রেপ্তার সবার বিরুদ্ধেই বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওমান প্রশাসন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।










