ওমানের নতুন শ্রম আইন অনুযায়ী, কোনো কর্মীকে তার নিজস্ব সম্মতি ছাড়া অতিরিক্ত সময় বা ওভারটাইম কাজ করানো সম্পূর্ণ বেআইনি। তবে বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে মালিকপক্ষ চাইলে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করাতে পারবেন, যার জন্য কর্মীকে স্বাভাবিকের চেয়ে উচ্চহারে পারিশ্রমিক দিতে হবে।
দেশটির বিশিষ্ট আইনজীবী ড. মোহাম্মদ ইব্রাহিম আল জাদজালি সংবাদমাধ্যমকে জানান, সাধারণ নিয়ম অনুযায়ী ওভারটাইম নির্ধারণের আগে কর্মীর পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক। কর্মী কাজ করতে রাজি হলে সাধারণ ডিউটি ও ওভারটাইম মিলিয়ে দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা কাজ করানো যাবে। এ ক্ষেত্রে ওভারটাইমের পারিশ্রমিক হিসেবে দিনের বেলায় মূল বেতনের সঙ্গে অতিরিক্ত অন্তত ২৫ শতাংশ এবং রাতের বেলায় অন্তত ৫০ শতাংশ বেশি অর্থ প্রদান করতে হবে। পারিশ্রমিকের পরিবর্তে নিয়োগকর্তা চাইলে অতিরিক্ত কর্মঘণ্টার সমপরিমাণ সবেতন ছুটিও দিতে পারবেন। এছাড়া সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে কাজ করলে কর্মীকে স্বাভাবিক দৈনিক বেতনের পাশাপাশি ওই কর্মঘণ্টার জন্য মূল বেতনের ১০০ শতাংশ অথবা প্রতিটি কাজের দিনের জন্য একটি করে বিকল্প ছুটির দিন দিতে হবে।
আইনে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করানোর কিছু বিশেষ ব্যতিক্রমও রাখা হয়েছে। ড. জাদজালি জানান, বার্ষিক মজুত গণনা, বাজেট প্রণয়ন, হিসাবরক্ষণ বা বিশেষ ছাড়ের বিক্রির মতো কাজে বছরে সর্বোচ্চ ১৫ দিন কর্মীর বিনা সম্মতিতে অতিরিক্ত কাজ করানো যাবে। এছাড়া কোনো দুর্ঘটনা রোধ, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কাটানো, পচনশীল কাঁচামালের নষ্ট হওয়া রোধ বা অস্বাভাবিক কাজের চাপ সামাল দেওয়ার মতো জরুরি পরিস্থিতিতেও কর্মীকে দিয়ে ওভারটাইম করানো যাবে। তবে এ ধরনের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট শ্রম কর্তৃপক্ষকে কারণ ও কাজের সম্ভাব্য সময়কাল জানাতে হবে।










