ওমানে শ্রম আইন লঙ্ঘন, অসামাজিক কার্যকলাপ, মাদক ও জাল মুদ্রা রাখার অভিযোগে ৪০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাস্কাটে চালানো এক বিশেষ যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ওমান পুলিশের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার প্রবাসীরা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।
আটকদের বিরুদ্ধে দেশের শ্রম ও বিদেশি রেসিডেন্সি আইন লঙ্ঘনের পাশাপাশি জনসমক্ষে অশালীন বা অসামাজিক কাজে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নিষিদ্ধ সামগ্রী এবং বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ওমান শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রচলিত শ্রম আইন ও দণ্ডবিধি অনুযায়ী, স্পনসরের বাইরে কাজ করা, রেসিডেন্সি বা ভিসা আইন লঙ্ঘন, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এসব অপরাধ আদালতে প্রমাণিত হলে কারাদণ্ড ও আজীবনের জন্য ডিপোর্ট করার বিধান রয়েছে।









