ওমানের মাস্কাটে অশালীন পোশাকে জনসমক্ষে বিচরণ এবং দেশের প্রচলিত আইন লঙ্ঘনের অভিযোগে একদল প্রবাসী নারীকে আটক করা হয়েছে। বুধবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানায়।
মাস্কাট পুলিশ কমান্ড জানিয়েছে, আটককৃত নারীরা জনপরিসরে এমন পোশাক পরিধান করেছিলেন যা ওমানের সামাজিক মূল্যবোধ ও জননীতির পরিপন্থী। তদন্তে দেখা গেছে, তাদের অনেকেরই ওমানে বসবাসের বৈধ অনুমতি ছিল না এবং তারা শ্রম আইন অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বর্তমানে তাদের বিরুদ্ধে ওমানি দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওমানে জনসমক্ষে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার বিষয়ে অত্যন্ত কঠোর আইন বলবৎ রয়েছে। ওমানি দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী, জনসমক্ষে অশ্লীল বা অশালীন আচরণ এবং সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক পোশাক পরিধান করা শাস্তিযোগ্য অপরাধ। আইন ভাঙলে তাকে জেল, জরিমানা এবং আজীবন নিষেধাজ্ঞাসহ নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।








