ওমান উপসাগরে নিজেদের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ মার্কিন নৌবাহিনী জব্দ করার পর এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। এর জেরে ওই অঞ্চলে অবস্থানরত একটি মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে দেশটি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই ড্রোন হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই হামলার কথা জানা গেছে। তবে মার্কিন ওই সামরিক জাহাজে ইরানের চালানো এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ওমান সাগরে ইরানের কন্টেইনার জাহাজ জব্দের ঘটনাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছিল তেহরান। সে সময় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স মার্কিন নৌবাহিনীর ওই পদক্ষেপকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে তারা চরম হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছিল যে, মার্কিন বাহিনীর এই কর্মকাণ্ডের যথাযথ প্রতিশোধ নেওয়া হবে। ওই কড়া বার্তার পরপরই মার্কিন জাহাজে এই ড্রোন হামলার ঘটনা ঘটল।








