ওমানে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। গত কয়েক ঘণ্টায় আইন অমান্য ও চুরির অভিযোগে দেশটির বিভিন্ন স্থান থেকে ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। শ্রম ও আবাসন আইন লঙ্ঘন এবং বৈদ্যুতিক তার চুরির পৃথক দুটি ঘটনায় এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আল শারকিয়াহর মুদাইবি ও সিনাউ এলাকা থেকে ২২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে, মাস্কাট থেকে আরও তিন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ কমান্ড।
তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, বাউশার এলাকায় একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মালিকানাধীন গুদাম থেকে ওই তারগুলো চুরি করা হয়েছিল। তাদের সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওমান পুলিশ নিশ্চিত করেছে।
আরও
উল্লেখ্য, ওমানের বেশ কয়েকটি প্রদেশে বর্তমানে বৃষ্টি ও বজ্রপাতসহ বৈরী আবহাওয়া চলছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সেবায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও অবৈধ কর্মকাণ্ড রোধে ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।









