ওমান সরকার বাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়া–সংক্রান্ত বিরোধ দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের লক্ষ্যে নতুন ডিজিটাল বিচার ব্যবস্থা চালু করেছে। সোমবার থেকে কার্যকর হওয়া মিনিস্ট্রিয়াল ডিসিশন ১১৫/২০২৫ অনুযায়ী, ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মধ্যকার যেকোনো বিরোধ এখন অনলাইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
নতুন এই কাঠামোতে ভুক্তভোগীদের রেন্টাল ডিসপিউট অ্যাডজুডিকেশন কমিটির ওয়েব প্ল্যাটফর্মে অভিযোগ জমা, ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপর শুনানির তারিখ, নোটিশ বা পরবর্তী প্রয়োজনীয় তথ্য উভয় পক্ষকে মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে জানানো হবে। এতে আর আদালত বা সরকারি কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজন পড়বে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটালভাবে দাখিল করা নথি, শুনানি এবং চূড়ান্ত রায় আইনগতভাবে সম্পূর্ণ বৈধ হিসেবে গণ্য হবে। তবে কোনো মামলায় বিচারক প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট পক্ষদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবেন।
আরও
সরকারি কর্তৃপক্ষের মতে, ওমানের বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ ভাড়া–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করবে। বিশেষ করে দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী ভাড়াটিয়া ও ব্যবসায়ীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা নিশ্চিত করবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়ম কার্যকর হওয়ায় দীর্ঘদিন ধরে জটিলতা, দেরি ও প্রশাসনিক ঝামেলায় ভোগা বহু প্রবাসী এখন আরও সহজে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।












