ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, এশীয় ওই নাগরিককে বিমানবন্দরে অবতরণের পরপরই আটক করা হয়।
ওমান পুলিশ জানায়, মাস্কাট বিমানবন্দরের কাস্টমস অধিদপ্তর ও মাদক ও মনঃপ্রভাবিত পদার্থ দমন অধিদপ্তরের যৌথ অভিযানে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তির লাগেজ তল্লাশি করে সেখানে বিশেষভাবে লুকানো আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মাদকগুলো দেশে পাচার ও বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। মাদকগুলো দক্ষতার সঙ্গে ব্যাগের ভেতরে গোপন করা হয়েছিল যাতে তা সহজে ধরা না পড়ে।
আরও
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশ জানিয়েছে, ওমানের আইন অনুযায়ী মাদক চোরাচালান ও পাচার গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর শাস্তি অত্যন্ত কঠোর। এ ধরনের অপরাধ দমন করতে বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।











