ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। ধুলিঝড়ের মতো আবহাওয়া ও ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের কারণে বিশেষ করে ধোফার গভর্নরেটে চলাচলকারী সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন।
ওমান পুলিশ জানিয়েছে, ধুলিঝড়ের মধ্যে গাড়ি চালানো চালক ও যাত্রীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ সময়ে গাড়ির গতি কমানো, সামনে ও পেছনের লাইট ব্যবহার করা এবং দৃশ্যমানতা কমে গেলে নিরাপদে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়েছে।
ভারী বৃষ্টিপাতজনিত বিপদের বিষয়েও সতর্ক করেছে পুলিশ। জাতীয় বহু-ঝুঁকি প্রারম্ভিক সতর্কতা কেন্দ্রের বার্তার ভিত্তিতে আরওপি জানিয়েছে, হঠাৎ বন্যা, ওয়াদি ও ঝরনায় পানির উচ্চতা বৃদ্ধি এবং উপত্যকা ও গিরিখাত দিয়ে তীব্র স্রোতের প্রবাহ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় গাড়ি চালানো বা ভ্রমণে বের হওয়া প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে।
আরও
রয়্যাল ওমান পুলিশ সবাইকে অনুরোধ করেছে ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে এবং ঝুঁকি নিয়ে কোনোভাবেই উপত্যকা, ওয়াদি বা ঝরনার কাছাকাছি না যেতে। বাংলাদেশি প্রবাসীদের প্রতিও বিশেষভাবে এ সতর্কবার্তা প্রযোজ্য বলে জানানো হয়েছে, কারণ ধোফার বিভিন্ন এলাকায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বসবাস ও কাজ করেন।











