ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চুরির অভিযোগে তিন শ্রীলঙ্কান প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মাস্কাট গভর্নরেট পুলিশের কমান্ড এবং বিমানবন্দর নিরাপত্তা অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
রয়্যাল ওমান পুলিশ (ROP) এক বিবৃতিতে জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন গৃহকর্মীও রয়েছেন। তারা মাস্কাটের মুত্রাহ প্রদেশে তাদের নিয়োগকর্তার বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরির পর দেশত্যাগের চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, চুরির ঘটনার পরপরই অভিযুক্তদের নজরদারিতে রাখা হয় এবং মাস্কাট বিমানবন্দরে দেশত্যাগের সময় তাদের আটক করা হয়।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়াগত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় রয়্যাল ওমান পুলিশ।
ওমানের আইন অনুযায়ী, প্রবাসীদের এমন অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।










