আরব সাগরের পশ্চিমে ওমান এবং উত্তরপূর্বে পাকিস্তান—এই দুটি দেশের মধ্যে সরাসরি ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আরব সাগরপথে যোগাযোগ বাড়িয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নিচ্ছে দেশ দু’টি।
সম্প্রতি গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওমান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে এই ফেরি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের সামুদ্রিক বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এবং পাকিস্তানে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত ফাহাদ বিন সুলাইমান আল খারুসির মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। তারা বলেন, প্রাথমিকভাবে পণ্য পরিবহন চালু করা হবে, পরে যাত্রী পরিবহনও শুরু করা হবে।
আরও
বিশ্লেষকরা বলছেন, সাগরপথে ফেরি সার্ভিস চালু হলে পাকিস্তানের রপ্তানি বাণিজ্যে গতি আসবে। বর্তমানে ওমানে পাকিস্তানের রপ্তানি আয় প্রায় ২২৪ মিলিয়ন ডলার। ফেরি যোগাযোগের মাধ্যমে এ অঙ্ক বহুগুণ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে ওমানও এই নতুন রুট ব্যবহার করে দক্ষিণ এশিয়া হয়ে মধ্য এশিয়ার বাজারে তাদের পণ্য সরবরাহের পরিকল্পনা করছে। দু’দেশের মধ্যে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার সাগরপথ—এই রুটকেই ব্যবহার করা হবে সম্ভাব্য বাণিজ্য করিডোর হিসেবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে পাকিস্তান-ওমান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন দুই দেশের নীতিনির্ধারকেরা।











