কুয়েতের মোবারক আল-কবির গভর্নরেটে মাদক ও সাইকোট্রপিক পদার্থ পাচারের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। অভিনব পন্থায় মাদক সরবরাহের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নানা ধরনের মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করে পুলিশ।
কুয়েত কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, প্রথম সন্দেহভাজন ব্যক্তি একটি নির্জন স্থানে মাদক রেখে অন্য একজনকে সেই জায়গার অবস্থান জানিয়ে দিতেন। এমন সন্দেহজনক কার্যকলাপের ভিত্তিতে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি নির্দিষ্ট স্থান এবং মাহবুলা এলাকায় ওই ব্যক্তির কক্ষ থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে মূল মাদক সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন অপর এক বাংলাদেশিকে মুতলা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে তল্লাশি চালিয়েও বিপুল পরিমাণ মাদক ও সাইকোট্রপিক পদার্থ উদ্ধার করা হয়।
অভিযানে জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩৩ ব্যাগে প্রায় ৪৬ দশমিক ৪ গ্রাম গাঁজা, ১৭৫ ব্যাগে প্রায় ১৮২ দশমিক ৪ গ্রাম মেথামফেটামিন এবং ৭ ব্যাগে ৫ দশমিক ৮ গ্রাম হেরোইন। এ ছাড়া ৮৫টি ক্যাপটাগন ক্যাপসুল ও ১৭৮টি লাইরিকা বড়ি (ট্যাবলেট) উদ্ধার করা হয়। এসব মাদকের পাশাপাশি রাসায়নিক মিশ্রিত ৬ ব্যাগ এ-ফোর (A4) কাগজ, তিনটি সূক্ষ্ম ওজনমাপক যন্ত্র (নিক্তি) এবং মাদক সেবনের নানা সরঞ্জামও জব্দ করেছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ।










