ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও পাঁচজন আলেমকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত ১৬ নভেম্বর (সোমবার) এই সাজা ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ও শিয়া অধ্যুষিত দেশ বাহরাইন মূলত সুন্নি মুসলিম রাজপরিবার দ্বারা শাসিত। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরও (ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় তেহরান সম্প্রতি বাহরাইনের সমালোচনা করে। এরপরই তেহরানের পক্ষে উসকানি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে নিজ দেশের শিয়া আলেমদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নে নামে বাহরাইন সরকার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মে ও জুন মাসে প্রায় ৭০ জন ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় বিদ্রোহ উসকে দেওয়া ও শাসনব্যবস্থা উৎখাতের অভিযোগ আনা হয়। গত ৫ জুলাই শুরু হওয়া বিচার প্রক্রিয়ার পর একজন আসামিও খালাস পাননি বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘বার্ড’।

আরও
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বাহরাইনের শীর্ষ শিয়া আধ্যাত্মিক নেতা শেখ ঈসা কাসিমও, যিনি ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন। বার্ডের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই একে ‘প্রতিশোধমূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালে ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়েছিল বাহরাইন সরকার। বাহরাইনের শিয়া সম্প্রদায়ের একাংশের দাবি, শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা দীর্ঘকাল ধরে এমন নিপীড়নের শিকার হচ্ছেন। তবে ইরান বরাবরই বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।










