বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে গালফ এয়ারের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই বিশেষ ফ্লাইটের যাত্রীরা প্রথমে সড়কপথে সৌদি আরবের দাম্মামে যাবেন এবং সেখান থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
গতকাল রোববার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে দ্রুত নিবন্ধন করতে হবে। আগ্রহী নাগরিকদের আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার মধ্যে এই নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিল দূতাবাস।

আরও
দূতাবাসের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিশেষ ফ্লাইটের সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ বা এর কাছাকাছি কোনো এক দিন নির্ধারণ করা হতে পারে। দেশে ফেরার এই পুরো যাত্রায় প্রতি আসনের জন্য আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার মধ্যেই বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াতের খরচ এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির ফি অন্তর্ভুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
তবে এই ফ্লাইটে আসন পাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে যাত্রীদের আসন বরাদ্দ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দূতাবাস আরও জানিয়েছে, এই বিশেষ ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত, সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য গালফ এয়ারের পক্ষ থেকেই নিবন্ধিত যাত্রীদের সরাসরি জানিয়ে দেওয়া হবে।












