হরমুজ প্রণালি থেকে একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আটকের পর জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ফার্স নিউজের দাবি, জব্দ করা জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানির। তবে সংবাদমাধ্যম ইরানওয়ার ও সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একটি সংস্থার মতে, বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া জাহাজটি মূলত লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর প্রকৃত মালিকানা ভারতের।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতভিত্তিক ওই জাহাজটি জেবেল আলি বন্দরের দিকে যাচ্ছিল। যাত্রাপথে হরমুজ প্রণালির কেশম দ্বীপের কাছ থেকে সেটিকে আটকে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে জাহাজের নাম উল্লেখ না করা হলেও, জাহাজ চলাচলের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া ওই জাহাজের নাম ‘আমারা’। গত ১৭ আগস্ট হরমুজ প্রণালির পূর্ব দিক দিয়ে প্রবেশের সময় জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস সম্পূর্ণ সচল ছিল।
সামুদ্রিক ডেটা অনুযায়ী, ‘আমারা’ মূলত ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি রাসায়নিক ও তেলপণ্যবাহী ট্যাংকার। ডেটা বিশ্লেষণে দেখা গেছে, আটকের আগপর্যন্ত জাহাজটি হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত রুটেই চলাচল করছিল। তবে ঠিক কী কারণে ট্যাংকারটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতও এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।











