Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

NewsLabAsiaPostd26c44fb 3c87 452e a877 e22174dfc07cProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মহিন উদ্দিন নামের এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শনিবার আবুধাবি মহাসড়কের রেজিন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। নিহত মহিন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আবদুল লতিফ ড্রাইভার বাড়ির বাসিন্দা। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবেই বাবাকে হারানো মহিন উদ্দিন পরিবারের হাল ধরতে দীর্ঘ ১৪ বছর ধরে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। সেখানে তিনি একটি নির্মাণ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার আবুধাবির বানিয়াস এলাকা থেকে রেজিন এলাকায় কোম্পানির একটি সাইটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাঁর গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় আল-আইনের শেখ তাহনুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মহিন উদ্দিনের মৃত্যুতে তাঁর পরিবারে এখন শোকের মাতম চলছে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। মহিনের স্ত্রী জেসমিন আক্তার আক্ষেপ করে বলেন, পরিবারের সাত-আটজন সদস্যের ভরণপোষণ চলত একমাত্র তাঁর স্বামীর উপার্জনেই। তাঁকে হারিয়ে পুরো পরিবার এখন দিশাহারা হয়ে পড়েছে। এ সময় তিনি স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। চরকাঁকড়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমও মহিনের এই অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, মহিন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রবাসে কারও মৃত্যু হলে আইনি প্রক্রিয়ার কারণে মরদেহ দেশে আনতে কিছুটা সময় লাগে। প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে সরকারি প্রক্রিয়ায় মহিন উদ্দিনের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate