সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, শহরের মেরিনা এলাকায় অবস্থিত ওই ভবনে ধ্বংসাবশেষ পড়লেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে কোনো অগ্নিকাণ্ড বা কাঠামোগত বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি।
সম্প্রতি একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল ইরান। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অন্যতম হিসেবে পরিচিত ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এর আগে চলতি সপ্তাহের শুরুতেও ওরাকল করপোরেশনের কার্যালয়ে ইরান হামলা চালিয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ সে সময় বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছিল।
যে মেরিনা এলাকায় এই ঘটনা ঘটেছে, সেটি দুবাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এর অংশ হিসেবে দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো লক্ষ্য করে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
আরও
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওরাকল ভবনে এই ঘটনার ঠিক এক দিন আগে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রেও ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন। পাশাপাশি দেশের বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। চলমান এই সংঘাতের কারণে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।










